
বাংলাদেশ ছাত্রলীগ এর কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী বিভিন্ন মামলায় কারাবন্দী ও দলীয় নেতাকর্মীদের পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নির্দেশনা অনুযায়ী এ কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সিটি কলেজ ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক হোসাইন অভি।
শেখ হাসিনা এর পক্ষ থেকে এই উপহার সামগ্রী প্রদান করা হয়। চট্টগ্রামের হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রায় ৫০ টি পরিবারের কাছে এসব উপহার পৌঁছে দেওয়া হয়। সংগঠনের নেতাকর্মীরা স্বশরীরে উপস্থিত থেকে উপহার সামগ্রী হস্তান্তর করেন।
বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি, সেমাইসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য। পাশাপাশি ঈদ উপলক্ষে বিশেষ উপহারও পরিবারগুলোর হাতে তুলে দেওয়া হয়।
এ সময় হোসাইন অভি বলেন, “দলীয় নেতাকর্মীরা বিভিন্ন মামলায় কারাবন্দী থাকলেও তাদের পরিবার যেন কষ্টে না থাকে, সেটি নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।” তিনি আরও বলেন, ভবিষ্যতেও কারাবন্দী ও অসচ্ছল নেতাকর্মীদের সহযোগিতায় ছাত্রলীগের কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয় নেতাকর্মীরা জানান, এ উদ্যোগে উপকৃত পরিবারগুলো কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সংগঠনের প্রতি ধন্যবাদ জানিয়েছেন।
উল্লেখ্য, পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়।







